বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানের জন্য কেবলমাত্র মাদ্রাসা শিক্ষাকে দায়ী করা যাবে না। কারণ, জঙ্গিবাদে যারা জড়িত তাদের মধ্যে শতকরা ৫৬ ভাগই সাধারণ শিক্ষায় শিক্ষিত।
পুলিশ সদর দপ্তরের এক গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে।
শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা ২৫০ জনের ওপর গবেষণা চালানো হয়।
এই গবেষণায় দেখা যায়, মাত্র ২২ ভাগ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। বাকি ২২ ভাগ হয়তো অশিক্ষিত, না হয় ইংলিশ মিডিয়ামে শিক্ষিত।
মনিরুজ্জামান তার গবেষণাপত্রের উপসংহারে কিছু পরামর্শ তুলে ধরেন। এই সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতগণ এতে উপস্থিত ছিলেন। (ভয়েস অব আমেরিকা)





