মানিকগঞ্জে তাবলিগ জামাতে আসা এক ব্যক্তি (৬০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
আজ (০৫ এপ্রিল) রোববার সকালে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তি ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা। তিনি সিংগাইর পৌর এলাকার আজিমপুর নয়াডাঙ্গী বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদ্রাসায় তাবলিগ জামাতে এসেছিলেন।
ইউএনও রুনা লায়লা বলেন, “গত ২৪ মার্চ থেকে ১২ সদস্যের একটি তাবলিগ জামাতের দল ওই মাদ্রাসায় অবস্থান করছিলেন। এঁদের মধ্যে ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি তাঁর এক আত্মীয়ের সঙ্গে ঢাকায় আইইডিসিআরে গিয়ে পরীক্ষা করান। পরে তাঁর শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা গেলে তাঁকে আইইডিসিআরের তত্ত্বাবধায়নে রাখা হয়।”
ইউএনও আরও বলেন, “গতকাল (শনিবার) রাত ১২টার দিকে আইইডিসিআর থেকে আবদুল বাকীর করোনায় আক্রান্তের খবর জানানো হয়। এই ঘটনায় সিংগাইর পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।”
ওই ব্যক্তির সংস্পর্শে সঙ্গে থাকা অন্য ১১ সদস্যসহ স্থানীয় ৬ জন এবং তাঁদের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এমবি





