সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অভিবাকের অসাবধানতায় পুকুরে ডুবে আসাদুর রহমান (৬) ও মনিরা খাতুন (৪) নামে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। এসময় তারা ভারতীয় সিরিয়াল কিরণমালা দেখায় ব্যস্ত ছিলেন বলে জানা গেছে।

শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু আসাদুর রহমান বাদুড়িয়া গ্রামের আব্দুর সবুর মোল্যার ছেলে ও মনিরা খাতুন একই গ্রামের মমিনুর রহমান মোল্যার মেয়ে। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন।

আব্দুর সবুর মোল্যার ভাই নুরুউদ্দীন মোল্যা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সবাই টিভিতে ভারতীয় কিরণমালা সিরিয়াল দেখছিলেন। এ সময় দুই ভাই-বোন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে ডুবে যায়। পরে খোজাঁখুজির একপর্যায়ে তাদের মরদেহ পুকুরে উঠলে উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএনজে