ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে 'এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। নিহতের নাম মহব্বত আলী (২৮)। তিনি নাসিরনগর উপজেলার পোয়ারপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। এ ঘটনায় ইসলামপুর ফাঁড়ির এসআই মো. শফিকুর রহমানসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শশুই নামক স্থানে রাস্তার গাছ কেটে ডাকাতির প্রস্তুতির সময় টহলরত ইসলামপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছড়ে। এ সময় ডাকাত মহব্বত আলী গুলিবিদ্ধ হন। ডাকাতের গুলিতে ৩ পুলিশ সদস্য আহত হয়। পরে আহত সবাইকে সদর হাসপাতালে প্রেরণ করলে মহব্বত আলীর মৃত্যু হয়।
নিহত মহব্বত আলীর নামে ব্রাহ্মণবাড়িয়া, সিলেটসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশাদ জানান, এরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঢাকা সিলেট-মহাসড়কসহ বিভিন্ন স্থানে ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল এবং রাতে ডাকাতির সময় পলিশকে দেখে এলোপাতাড়ি গুলি ছুড়লে মহব্বত আলী নিহত হন। তবে বাকিদের
ধরতে বিভিন্ন স্থানে পুলিশ শাড়াশি অভিযান পরিচালনা করবে। এ ব্যাপারে বিজয়নগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এআই





