শিক্ষক-কর্মচারী নিয়াগের নামে কোটি কোটি টাকার হাতিয়ে নেয়ার অভিযোগে সাতক্ষীরার অ্যাডভোকেট আব্দুল রহমান কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা নিউ মার্কেট এলাকায় শহীদ আলাউদ্দিন চত্বরে শত শত অসহায় মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ শেখ মনিরুজ্জামান, আবু সুফিয়ান, প্রভাষক সুশান্ত কুমার মণ্ডল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ আক্তারুজ্জামান জেলার বিভিন্ন এলাকায় নানা প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে ১৮টি কারিগরি কলেজ প্রতিষ্ঠা করেছেন।

সরকারি বিধি মেতাবেক একই ব্যক্তি সর্বোচ্চ ২টি প্রতিষ্ঠানের সভাপতি হতে পারেন। কিন্তু সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি একই সঙ্গে ১৮টি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসব কলেজে চাকরির প্রলোভন দেখিয়ে তিনি দুই শতাধিক মানুষের কাছ থেকে ইতোমধ্যে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

বক্তারা অবিলম্বে অধ্যক্ষ আক্তারুজ্জামানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও তার গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধন শেষে প্রতারণার শিকার মানুষ সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

ঢাকা,৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ