এই মুহূর্তে দেশে কোনো বিদ্যুতের লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, শনিবার বিদ্যুৎ বিপর্যয়ে এখন কোনো এলাকায় যদি বিদ্যুৎ না থেকে থাকে সেটা আঞ্চলিক সমস্যার কারণে, বিদ্যুৎ উৎপাদন সমস্যার কারণে নয়।
রোববার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, রোববার বেলা ১১টায় দেশে ৪ হাজার ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা ছিল। যা উৎপাদন করা হয়েছে।
তিনি বলেন, এ ধরনের ঘটনায় পাওয়ার প্ল্যান্টের সমস্যা হতে পারত কিন্তু আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী জানান, রোববার বেলা ১১টায় ভারত থেকে দেশে ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ এসেছে।
নিউইয়র্কে এরকম একটি ঘটনায় মার্ডার পর্যন্ত হয়েছিল উদহারণ টেনে তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। দেশে কোনো অঘটন বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এজন্য তিনি সরকারের পক্ষ থেকে দেশবাসীকে ধন্যবাদ জানান।
তিনি জানান, বিদ্যুতের গ্রিড লাইনের কোনো বেকআপ হয় না। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল, এয়াপোর্টগুলোর নিজস্ব বেকআপ রাখা উচিত বলে মত দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এ ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
শনিবার বিদ্যুৎ বিপর্যয়ে শান্ত থাকায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদও।
নসরুল হামিদ বলেন, শনিবার বিদুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ইতিমধ্যে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট হাতে পেলে এর মূলকারণ জানা যাবে।
এএইচ





