নীলফামারীতে নূর আলম (২৩) নামে এক কলেজ ছাত্রকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নূর আলম শহরের উকিলের মোড় এলাকার বাসিন্দা মৃত আব্দুল কাদের ইয়াকুব আলীর পুত্র ও নীলফামারী সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্র। তার পরিবারের দাবি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নূর আলমকে অপহরণ করেছে।

তবে, পুলিশ বলছে এ ব্যাপারে তারা কোনো কিছুই জানেন না।

এদিকে তার সন্ধানের দাবিতে বুধবার নীলফামারী সরকারি কলেজের ছাত্রছাত্রীরা শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করেছে।

অপহৃতের পরিবার জানায়, গত সোমবার গভীর রাতে ৪টি গাড়িতে করে সাদা পোশাকে অস্ত্রধারী ১৫/২০ জন ব্যক্তি নিজেদের আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে।

এরপরেই তারা নূর আলমকে ঘুম থেকে ডেকে তুলে তাদের বহনকারী মাইক্রোবাসে তুলে রওনা দেয়। ঘটনার আগে তারা বাড়ির অদূরে উকিলের মোড় নামক স্থানের দায়িত্বরত নৈশপ্রহরীদের হাত ও মুখ বেঁধে রেখে যায়।

নূর আলমের মা নুরজাহান বেগম জানান, তিনি মঙ্গলবার নীলফামারী সদর থানা ও স্থানীয় র‌্যাব ক্যাম্পে গিয়ে খবর নিয়ে জানতে পারেন, তারা তার ছেলেকে নিয়ে আসেননি।

এ ব্যাপারে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা অপহৃতকে উদ্ধারের কোনো অগ্রগতি হয়নি উল্লেখ করে জানান,

অপহরণের ব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরি হয়েছে। এ জিডি’র সূত্র ধরে স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হলেও এখনো অপহরণরে শিকার যুবকের কোন খোঁজ পাওয়া যায়নি।

এমবি