কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী শেফায়েত কামাল সৌরভকে (২৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে শহরের হলিডে মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিরছড়া এলাকার ডালিয়া কলোনীর বাসিন্দা সমবায় কর্মকর্তা বখতেয়ার কামালের ছেলে সৌরভকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে।

কক্সবাজারের ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) একে মনজুর আলম জানান, শহরের বিশাল এলাকা জুড়ে শীর্ষ সন্ত্রাসী সৌরভের আতঙ্কে দীর্ঘদিন ধরে লোকজন নির্ঘুম রাত কাটায়। তিনি কয়েকটি সন্ত্রাসী বাহিনী পুষে আসছে। অবশেষে পুলিশের জালে আটকা পড়ল সন্ত্রাসী সৌরভ।

ওসি আরও জানান, সৌরভ একজন ভয়ংকর সন্ত্রাসী। তিনি অত্যাধুনিক অনেক দামি অস্ত্র ব্যবহার করেন। সন্ত্রাসী সৌরভ কেবল একটি সন্ত্রাসী বাহিনীর নেতা নয়, তার কমান্ডে রয়েছে অন্তত ৫টি সন্ত্রাসী বাহিনী। শতাধিক সদস্যের এসব বাহিনীর কমপক্ষে ১০জন সদস্য গত মাস-দুয়েক সময়ে পুলিশের হাতে আটক হয়ে কারাগারে রয়েছে।

ডিবি পুলিশের ওসি জানান, গ্রেফতার হওয়া সন্ত্রাসী সৌরভকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার অস্ত্রের ভান্ডার উদ্ধারের চেষ্টা করা হবে।

কেএইচ