সড়ক-পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁর জন্ম জেলা নোয়াখালীতে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালী জেলা আ’লীগ কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা আনন্দ মিছিলটি বের করে।

মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় সামনে এসে শেষ হয়। পরে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আ’লীগের ২০তম সম্মেলন শেষে ওবায়দুল কাদেরকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ঘোষণা করার সঙ্গে সঙ্গে জেলা আ.লীগ কার্যালয়ে নেতাকর্মীরা জড় হতে থাকে। পরে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, সদস্য নাজমুল আলম মঞ্জু, আবু ছায়েদ কাউছার, শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুর আলম ছিদ্দিকী রাজু, আলাউদ্দিন আলো, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ রাজু প্রমুখের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনেও আনন্দ মিছিল হয়েছে। অনলাইন ও টেলিভিশনে ওবায়দুল কাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে কোম্পানীগঞ্জের বসুরহাট ও কবিরহাট উপজেলার কবিরহাটসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করা হয়।

নেতাকর্মীরা এ সময় শেখ হাছিনাকে কৃতজ্ঞতা ও ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়ে নানা স্লোগান দেন। পরে সেখানেও মিষ্টি বিতরণ করা হয়েছে।

মাসুম/এমবি