কারও হাতে জাতীয় পতাকা, কেউবা নিজেকে রাঙিয়েছেন লাল-সবুজে, অনেকের গায়ে রয়েছে টাইগারদের জার্সি।

বাদ্যযন্ত্র বাজিয়ে, নেচে-গেয়ে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইগারদের শুভ কামনা জানিয়ে শোভাযাত্রা করেছেন ক্রিকেট ভক্তরা।

বুধবার বিকেল সোয়া পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। সমবেত কণ্ঠে স্লোগান আর দেশত্ব বোধক গানে গানে শোভাযাত্রাটি শুরু হয়ে দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে ফের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইউনিটি (বিসিএফইউ) নামে একটি সংগঠন এ শোভাযাত্রাটির আয়োজন করেছে।

এর আগে টিএসসির সড়ক দ্বীপের স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন বিসিএফইউ-এর সদস্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ কর্মসূচির ঘোষণা দেয় বিসিএফইউ।

অনলাইনে তাদের এ আয়োজনে সাড়া দিয়ে কর্মসূচিতে যোগ দেন বিপুল সংখ্যক টাইগার সমর্থক।

জেআই