র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জয়পুরহাটে সোহেল রানা (৪২) নামের এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে পাঁচবিবি উপজেলার কেশবপুর এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি নিহত সোহেল রানা মাদক ব্যবসায়ি এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল রাতে অভিযানে নামে।

গোপন সংবাদ আসে পাঁচবিবি উপজেলার কেশবপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী একটি বড় ধরনের মাদকের চালান বেচাকেনা করছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহল দল রাত সোয়া ২টার দিকে সেখানে যায়। পরে সেখানে অজ্ঞাতনামা ৪/৫ মাদক ব্যবসায়ীকে দূর থেকে মাদক বেচাকেনা করতে দেখতে পায়।

র‌্যাব সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে আটক করার জন্য এগিয়ে গেলে কথিত মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।

র‌্যাবের পাল্টা আক্রমণে এক পর্যায়ে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অজ্ঞাতনামা এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।

পরে গুলিবিদ্ধ ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলিসহ একটি ম্যাগাজিন, ৬০ বোতল ফেনসিডিল এবং মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি টর্চলাইট ও তিনজোড়া স্যান্ডেল উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ ওই মাদক ব্যবসায়ীকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জেড