কক্সবাজারে বেড়াতে এসে অতিরিক্ত মদপানে চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রাফসান ইরফান (২৭) মারা গেছেন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলাতলী বীচ পয়েন্টের বে ওয়ান্ডার হোটেল থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হোটেল বে ওয়ান্ডার কর্তৃপক্ষের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন জানান, রাফসান ইরফান তার আরেক বন্ধুকে নিয়ে কক্সবাজারের বে ওয়ান্ডারে উঠেন ১৫ সেপ্টেম্বর রাতে। ১৬ সেপ্টেম্বর রাত ৯টার পর তাদের অতিরিক্ত বুকের ব্যথা ও বমি হয়। ওই সময় লেবুর রস ও তেঁতুল খেলে কিছুটা স্বস্তি অনুভব করেন তারা। এরপর ঘুমিয়ে পড়েন। কিন্তু শুক্রবার ভোরে আবারো বুকে ব্যথা বেশি অনুভব করলে তাদের দুইজনকে কক্সবাজারের বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা ভালো না হওয়ায় সেখান থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। তবে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় রাফসান ইরফানের।
পুলিশ সুপার মহিউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি অতিরিক্ত পরিমাণে মদপানে অসুস্থ হয়ে মারা গেছেন রাফসান। এরপরও ময়নাতদন্তের পর বাকিটা জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, রাফসান ইরফান দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাড়ি চটগ্রামের কোতোয়ালি থানার এনায়েত বাজার বাটালি রোডে। তিনি কোতোয়ালি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।
এমবি





