ভোলা-লক্ষ্মীপুর রুটের মেঘনায় আজ বুধবার ভোররাতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় আরো তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ও আহত সবার বাড়ি পাবনায় বলে জানা গেছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ বশির আহমেদ জানান, লক্ষ্মীপুর থেকে ভোলার ইলিশাগামী লঞ্চ এম এল ইমা মেহেন্দীগঞ্জের কালিগঞ্জ এলাকায় এসে পাবনা থেকে বরিশালের চরমোনাই দরবারগামী একটি যাত্রীবাহী ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি উল্টে যায়।
কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি লঞ্চ মালিকের। পরে জেলে ও লঞ্চ যাত্রীরা ট্রলারের ২৫-৩০ জন যাত্রীকে নদী থেকে উদ্ধার করে। এ সময় একজন যাত্রীর লাশ এবং তিনজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
সব যাত্রীকে উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এএইচ





