বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সব নৌ-রুটে ছোট লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে বরিশাল অভ্যন্তরীণ নদীপথে ৬৫ ফুটের নিচের সব লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেখানো ২ নম্বর সতর্ক সংকেতের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ নিষেধাজ্ঞা জারি করে।ৱ
বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌ নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ছোট লঞ্চগুলো ছাড়তে নিষেধ করা হয়েছে।
তবে একটি লঞ্চ সতর্ক সংকেত দেখানোর আগেই সকালে ছেড়ে গিয়ে বরিশালের হিজলা উপজেলায় নোঙর করে রেখেছে। আবহাওয়া পরিবর্তন না হওয়া পর্যন্ত লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে ছাড়তে নিষেধ করা হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজার্ভার মিলন হাওলাদার জানান, মৌসুমী বায়ুর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে। এজন্য নদীপথে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
জেডআই





