টঙ্গীর তুরাগ নদের তীরে আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে তাবলিগ জামাতের ৪ দিনব্যাপী ৫৪তম বিশ্ব ইজতেমা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে চলে এসেছেন। এসেছেন বিদেশি মুসল্লিরাও।

ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ (১৫ ফেব্রুয়ারি) ইজতেমা মাঠে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ।

গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের তাবলিগ জামাতের ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসা শুরু করেন। কেউ বাসে, কেউ ট্রাকে, কেউবা রিকশায়, লঞ্চে চড়ে ইজতেমাস্থলে আসেন। পরে গাড়ি থেকে নেমে নিজের মালপত্র নিয়ে ময়দানে গিয়ে নিজ নিজ জেলা ভিত্তিক খিত্তায় গিয়ে অবস্থান নেন।

আয়োজকরা জানান, পুরো ইজতেমা ময়দানকে মুরুব্বীদের পরামর্শে সাজানো হয়েছে। ময়দানে জেলাওয়ারি মুসল্লিদের অবস্থান, রান্না-বান্না করার স্থান, টয়লেট, অজুখানা, গোসলখানা সবই ব্যবস্থা করা হয়েছে।

এবারই প্রথম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে চার দিন। দুই দিন করে পৃথক ভাবে ইজতেমা পরিচালনা করবেন তাবলিগের বিবদমান দুই পক্ষ। আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) শনিবার দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এক পক্ষের (মাওলানা জুবায়ের) পরিচালনায় ইজতেমা।

তারা ইজতেমা ময়দান বুঝিয়ে দিবেন দ্বিতীয় পক্ষের (সাদ্পন্থি) কাছে। তাদের পরিচালনায় ইজতেমা শুরু হবে রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোরে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সেই ইজতেমা সমাপ্ত হবে। 

এমবি