কাস্টমসের বাধার কারণে হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে এ কার্যক্রম বন্ধ রয়েছে।

এর আগে বেলা ১২টা থেকে বন্দর দিয়ে আমদানি -রপ্তানি কার্যক্রম শুরু হয়ে ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে পাঁচটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  সকাল থেকে স্বাভাবিকভাবেই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চলছিল। বেলা সাড়ে ১২টায় হিলি শুল্কস্টেশন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আহসান হাবিব বন্দরের পণ্য প্রবেশ গেটে গিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেন।

হিলি শুল্কস্টেশন কাস্টমসের সহকারী কমিশনার (এসি) মহিবুর রহমান ভুঞা  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজতো সরকারি ছুটি সে কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে সরকারি ছুটির দিনে কার্যক্রম চালু রাখতে হলে ব্যবসায়ীদের পক্ষ থেকে কাস্টমসের বরাবরে আবেদন করতে হয়। তবে বন্দর খোলা রাখা হয়।’

এছাড়া তিনি আরো বলেন, ‘আমরা তবুও বন্দর খোলা রাখতাম যদি ব্যাংক খোলা থাকতো। যদি ব্যাংক বন্ধ থাকে তাহলে তো আমরা খোলা রেখে লাভ নেই। তবে জানতে পারলাম ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের নিকট এই মাত্র আবেদন করেছে এবং ব্যাংক খোলার ব্যবস্থা করেছে। হয়তো কিছুক্ষণ পরে কমিশনার মহোদয়ের সঙ্গে কথা বলে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু করা হবে।’

জেআই