কবি, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারের সর্বশেষ অবস্থান এখনো নিশ্চিত হতে পারেনি খুলনায় অভিযান পরিচালনাকারী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব-৬)।

তবে প্রাথমিক ধারণার ভিত্তিতে খুলনার কেডিএ অ্যাপ্রোচ রোড এলাকায় অভিযান চালাচ্ছে র‌্যাব। সন্ধ্যার পর ওই এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। সন্দেহজনক বিভিন্ন স্পটে অভিযান চালানো হয়।

র‌্যাব-৬ এর কর্তব্যরত অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুস বলেন, ‘আমরা এখনো ফরহাদ মজহারের অবস্থান নিশ্চিত নই। তবে খুলনায় এরকম কেউ আছে কি না তা জানার জন্য অভিযান চালানো হচ্ছে।’

‘ওই ব্যক্তি কোথায় আছে জানি না। তবে সোর্সের মাধ্যমে প্রাথমিক তথ্য পেয়ে আমরা অভিযান চালাচ্ছি। স্পটে আমাদের অভিযান টিম রয়েছে।’

র‌্যাব-৬ এর পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘কিছু কিছু গণমাধ্যমে খবর বেরিয়েছে ফরহাদ মজহার খুলনায় আছে। কেউ আগবাড়িয়ে এটা বললে আমাদের কিছু করার নেই। কারণ আমরা তো এখন অভিযানে ব্যস্ত।’

‘আমরা এখনো ফরহাদ মজহারের অবস্থান জানতে পারিনি। সোর্সের ভিত্তিতে অভিযান চলছে।’ বলেন তিনি।

ফরহাদ মজহারকে সোমবার ভোরে রাজধানীর শ্যামলী থেকে অপহরণ করা হয়েছে। তিনি হক গার্ডেনের বাসা থেকে ৫টা ৫ মিনিটের দিকে বের হন। এরপর ফরহাদ মজহারের ফোন বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৬টার দিকে তার ফোন থেকে ফোন করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

এমবি