গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে পাথরবোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় বাসের অন্তত ৮ যাত্রী আহত হয়েছেন।

উপজেলার ধাপেরহাট বন্দরের অদূরে বত্রিশমাইল এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী রোমার এন্টারপ্রাইজের একটি বাস রংপুর-ঢাকা মহাসড়কের বত্রিশমাইল এলাকায় পৌঁছলে বগুড়াগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হন। এ ছাড়া বাসের ৮ যাত্রী আহত হন।

সাদুল্যাপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, গুরুতর আহত ট্রাকের চালক ও হেলপার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তাদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া আহতদের পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এমকে