২০২১ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত রেললাইন জনসাধারণের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ।

পদ্মা সেতু হয়ে রেল সংযোগ বরিশাল-কুয়াকাটা-পায়রা বন্দর পর্যন্ত দেয়া হবে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গা উন্নতমানের রেল স্টেশন স্থাপন করা হবে।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচরের পাচ্চরে বাংলাদেশ রেলওয়ের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সুবিধার চেক প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর-কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি) ও বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ডর্প ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

এর আগে সকালে মন্ত্রী পদ্মা সেতুর রেল সংযোগ এলাকা পরিদর্শন করেন। তিনি পদ্মা সেতু ও রেল সেতুর উপর দাঁড়িয়ে সেতু এলাকা পরিদর্শন করেন।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা তার মেধা ও শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের প্রতিটি স্তরে উন্নয়নের জোয়ার বইছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর অবদানেই।

প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান, সিএসসির প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, ডর্প চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদার, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিএম আতাউর রহমান প্রমুখ।

চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন ক্ষতিগ্রস্ত ২৮ জনের মাঝে ১ কোটি ১২ লাখ টাকার পুনর্বাসন সুবিধার চেক প্রদান করেন।

মতবিনিময় সভায় আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বাংলাদেশ রেলওয়ের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে (পিবিআরএলপি) মাদারীপুর জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসাবে ২ হাজার ৩৪৯ জনের মধ্যে ১ হাজার ৩৯৪ জনকে এ পর্যন্ত ৩৬ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার টাকার পুনর্বাসন সুবিধার চেক প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।