ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত একদিনের হিসেবে সর্বোচ্চ মৃত্যু।

মৃতদের মধ্যে ১০ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ (১৫ আগস্ট) রোববার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার (১৫ আগস্ট) সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জন ময়মনসিংহের এবং নেত্রকোনা ও শেরপুরের একজন করে। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে- ময়মনসিংহের ১০ জন। এ ছাড়া নেত্রকোনার ২ জন, জামালপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের একজন করে।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৫৯ জন। এর মধ্যে ২১ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, জেলায় ৬৮৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণ শনাক্ত হয় ১৮৪ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ২৯ দশমিক ১৯ শতাংশ।

এমবি