রাজধানীর মাণ্ডা এলাকায় আলামিন (১৮) নামে এক নুডলস বিক্রেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আলামিনের চাচা নজরুল ইসলাম জানান, রাতে বাসায় ফিরতে দেরি হওয়ায় আলামিনের মোবাইল ফোনে কল দেন তার বোন। এ সময় একজন নারী ফোনটি রিসিভ করে বলেন, মোবাইলের বাহককে কে বা কারা কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে গেছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

তিনি আরও জানান, আহত আলামিনের বাবার নাম মনিরুল ইসলাম। তারা ঢাকার মুগদায় থাকেন। গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের ৫নং ইউনিয়নের চানপুর গ্রামে।

মুগদা থানার উপপরিদর্শক(এসআই) আবেদ জানান, নুডলস বিক্রেতাকে কোপানোর ঘটনায় জুয়েল ওরফে মুরগি জুয়েল(১৯) নামে একজনকে আটক করা হয়েছে। তাকেও চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।

এআই