নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের সাতবুড়িকান্দা গ্রামে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডিস ব্যবসায়ীসহ ২ জন মারা গেছেন।
এরা হচ্ছেন সদর উপজেলার দরুনবালি গ্রামের আবদুল খালেকের ছেলে ডিস ব্যবসায়ী মাঈন উদ্দিন (২৫) ও তার কর্মচারী রুবেল মিয়া (২৪)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডিস ব্যবসায়ী মাঈন উদ্দিন ও তার কর্মচারী রুবেলকে নিয়ে মঙ্গলবার বেলা ২টার দিকে গ্রামের পিডিবির বিদ্যুতের খুঁটির মাধ্যমে নেওয়া ডিসের লাইন মেরামতের জন্য খুঁটিতে ওঠেন।
ডিস লাইন মেরামত করার সময় হঠাৎ বিদ্যুতের ঝুলন্ত তার মাঈন উদ্দিন ও রুবেলের ওপর পড়ে। তারা ২ জনই তড়িতাহত হয়ে খুঁটির ওপর থেকে মাটিতে পড়েন। ঘটনাস্থলেই মাঈন উদ্দিন মারা যান এবং রুবেলকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমআর





