ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের লালন উৎসব।

কুষ্টিয়ার কুমারখালী ছেঁউড়িয়া মরাকালি নদীর পারের লালন আখড়াবাড়িতে এ উৎসব চলছে। আয়োজনটি চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। উৎসব ঘিরে এখন আখড়াবাড়িজুড়ে সাজসাজ রব।

আজ বুধবার (১৬ অক্টোবর) থেকে লালন একাডেমির আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসব শুরু হচ্ছে।

এদিন সন্ধ্যায় এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বাউল সম্রাট ফকির লালন শাহের কথা ‘বাড়ির কাছে আরশিনগর, সেথা এক ঘর পড়শি বসত করে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মেলার আয়োজন করেছে লালন একাডেমি।

তিরোধান দিবস উপলক্ষে ইতিমধ্যে সাজানো হয়েছে লালনের মাজার। এদিন মাজারের ভিতরে বসবে লালন অনুসারীদের আসর। আর মাজারের বাহিরে উন্মুক্ত মঞ্চে চলবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবকে ঘিরে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় কালি নদীর পাড়ে তিন দিনের লালন মেলা বসছে। বাউল দর্শনের ভাবাবেগ আর উৎসুক দর্শকদের ভিড় সামাল দিতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

দেশি-বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। আর প্রতিবারের মতো পুরো মেলা পুলিশের সিসি ক্যামেরার আওতায় থাকবে।

প্রসঙ্গত, বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক বাউল সম্রাট ফকির লালন শাহ দেহধাম ত্যাগ করেন। এরপর থেকে প্রতিবছর কুমারখালির ছেঁউড়িয়ায় কালিগঙ্গা নদীর তীরে পালিত হয়ে আসছে লালন তিরোধান দিবস।

আর এই উৎসবকে ঘিরে দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ ছুঁটে আসেন লালনের আখড়ায়।

এএস