ঢাকা কেন্দ্রীয় কারাগার নাজিম উদ্দিন রোড থেকে আগামী ১০ এপ্রিল কেরানীগঞ্জে স্থানান্তরিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কারাগারের উদ্বোধন করবেন।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

তিনি জানান, নতুন কারাগার নির্মাণে ফিনিশিং কাজে কিছু ত্রুটি আছে। এতে নিরাপত্তায় কোন সমস্যা হবে না। তারপর বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি বিষয়টি দেখবে।সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, আমাদের লোকবলের অভাব আছে। বিষয়টি রোধ করার চেষ্টা চলছে।

আইজি প্রিজন বলেন, ৭৫০ কারারক্ষীর মধ্যে ২৫০ জনই বন্দিদের চিকিৎসার জন্যে বিভিন্ন হাসপাতালে ডিউটি পালন করেন। কারা অধিদপ্তরের জন্যে মাত্র ৫ জন প্রকৌশল অফিসার আছে। লোকবল বাড়ানোর প্রস্তাবনা দেয়া আছে। নতুন কারাগারে সাধারণ বন্দিদের জন্যে ছয়টি ভবনের মধ্যে একটির কাজ আংশিক বাকি আছে। বাকিগুলোর কাজ পুরোপুরি শেষ হয়েছে। সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে একটির কাজ আংশিক বাকি আছে।

তিনি আরও বলেন, নতুন কারাগারে বন্দিদের জন্যে আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থাকছে। এ হাসপাতালে বন্দীদের পাশপাশি সাধারণ রোগীরাও চিকিৎসা নিতে পারবে।

আইজি প্রিজন জানান, নাজিম উদ্দিন রোড থেকে কারাগার চলে যাওয়ার পর সেখানে একটি অত্যাধুনিক কারা কমপ্লেক্স নির্মাণ করা হবে। সেখানে থাকবে একাধিক স্মৃতি যাদুঘর।

এআই