ভোরের আলো ফুটতে না ফুটতেই শুক্রবার সকালে ভিড় জমেছে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে। রাজধানী থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট হয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজার হাজার মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ছুটছেন নিজ বাড়িতে। ঈদের আনন্দে নাড়ির টানে বাড়ি ফিরতে গিয়ে তাদের পোহাতে হচ্ছে নানা ভোগান্তি।
যাত্রীরা লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে আলাদাভাবে কাওড়াকান্দি ঘাটে আসছেন। ফলে কাওড়াকান্দি ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বাইপাস সড়ক চালুর কারণে ২ কিলোমিটার পথ পায়ে হেঁটে ও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে টিকিট কেটে অনেকেই গাড়ির ছাদে করে বাড়ি ফিরছেন। এদিকে সকাল থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তবে, লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করে কাওড়াকান্দি ঘাটে আসতে দেখা গেছে।
মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দোজা শুভ বলেন, ‘যাত্রীদের হয়রানি বন্ধে আলাদাভাবে জেলা ও উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। ইতোমধ্যে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে কাওড়াকান্দি-বরিশালগামী ৮টি পরিবহনকে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান ঈদ পরবর্তী ৫দিন পর্যন্ত অব্যাহত থাকবে।’
এএইচ





