বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মেঘাখর্দ্দ গ্রামে শাপলা খাতুন নামে এক নারীকে হত্যার অভিযোগে সিরিয়াল কিলার আব্দুল মোমিন ওরফে পিচ্চি বাবু ও তার দুই সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত সবাইকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরের পর বগুড়ার সিনিয়র জেলা জজ আ ম মো. সাঈদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৬ এপ্রিল রাতে মেঘাখর্দ্দ গ্রামের একটি ভুট্টা ক্ষেতে এক নারীকে (২৫) হত্যা করে মরদেহ ফেলে রাখে দুর্বৃত্তরা। পরদিন অজ্ঞাতনামা হিসেবে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রথম পর্যায়ে পুলিশ ওই হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে ব্যর্থ হয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
২০১৪ সালে সিরিয়াল কিলার পিচ্চি বাবু পুলিশের হাতে গ্রেফতার হলে ওই হত্যাকা-সহ অন্তত ৬টি হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দেন তিনি।
সেই তথ্যের ভিত্তিতে মামলাটি পুনরুজ্জীবিত করা হয়। সেইসঙ্গে ওই মামলায় পিচ্চি বাবুর অপর দুই সহযোগী রাফিউল ইসলাম রাফি ও মোহাম্মদ শাহীনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে রাফি ও পিচ্চি বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দিতে তারা উল্লেখ করেন, শাপলা খাতুন নামে ওই নারীকে ঢাকা থেকে তারা দেহ ব্যবসা করানোর উদ্দেশ্যে শিবগঞ্জ নিয়ে যান। ওই নারী পিচ্চি বাবুর ঢাকার বাসা চিনতেন। তিনি ঢাকায় ফিরে তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন এমন আশঙ্কায় শাপলাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন পিচ্চি বাবু ও তার সহযোগীরা।
এআই





