নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ১০জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে পুরুলিয়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও আহতরা জানান, আ'লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের সমর্থকেরা আ'লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক মন্টু (৫০) কে বেদম মারপিট করে। এ ঘটনার পর দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষ চলাকালে বিদ্রোহী প্রার্থীর পক্ষের জাকাতুর রহমানের বাড়িতে গিয়ে তার ওপর হামলা করে ও গুলি চালায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা। এ সময় জাকাতুরও পাল্টা গুলি চালায়।
গুলিতে ও হামলায় আহত ওমর শেখ, সরফ্রাজ, এলাহী শেখ, আলাদি মোল্যা, সাইফুল শেখ, আকসির শেখ, হুমাই সরদার বেশ কয়েকজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হুমাই সরদারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সহকারী পুলিশ সুপার(সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।শনিবার এ ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এমবি





