নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আমতলী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার দুপুরে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।
গুরুতর আহত রবিকুল আলম (৩৫), রফিকুল আলম (৩২), মনোয়ার হোসেন (২১) ও খায়রুল ইসলামকে (২৮) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, কেন্দুয়ার আমতলী গ্রামের রবিকুল আলমদের সঙ্গে তার চাচাত ভাই খায়রুল ইসলামদের বেশ কিছুদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার বিরোধ পূর্ণ জমিতে রবিকুল আলম গাছ কাটতে যায়। এ সময় খায়রুল ইসলামরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়। আহত চারজনকে এলাকাবাসী নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দে জানান, এ ব্যাপারে এখনও কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।
কেএইচ





