সিএনজি ড্রাইভারদের ধর্মঘটে গাড়ির জমা না দেওয়ায় ড্রাইভারের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করে দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম ।
বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।
শ্রমিক নেতা মোঃ বাহারানে সুলতান বাহার এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মোঃ মোস্তফা, কেন্দ্রীয় নেতা কামাল আহাম্মেদ, ওমর ফারুক, মোঃ আলাউদ্দিন প্রমুখ।
বক্তাগণ বলেন, গত ১৩ মার্চ হইতে ১৪ মার্চ সকাল ৬ টা পর্যন্ত সিএনজি ড্রাইভারদের ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়। ঐ ধর্মঘটে অংশগ্রহণকারী চালক ভোলা জেলার নাগরিক মোঃ মোশাররফ নামের একজন সিএনজি ড্রাইভারকে গাড়ীর মালিক আব্দুল কাদের আদাবর বিহারী ক্যাম্প বাজার সংলগ্ন ডেকে নিয়ে জমার টাকা দাবী করেন।
গাড়ী না চালিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে সশস্ত্র গুন্ডা দিয়ে মালিক মোশাররফকে বেদম মারপিট করে। তার দুই পা ভেঙ্গে দেয়। বর্তমানে মোশাররফ ঢাকা পঙ্গু হাসপাতালে ৬নং ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আমরা ভোলাবাসীর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দুষ্কৃতিকারী মালিকসহ গুন্ডাবাহিনীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
বক্তারা আরো বলেন, গত কয়েক মাস আগে মিরপুরে একজন ভোলার নাগরিক চা দোকানদারকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যা করে একজন পুলিশ সদস্য। ফোরামের পক্ষ থেকে আমরা এরও প্রতিবাদ জনাই এবং জড়িত পুলিশ সদস্যকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এমবি





