বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে সহিংসতার মধ্যে নগরীর পাঁচ ওসি পদে রদবদল করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শনিবার সন্ধ্যায় সিএমপি কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল নির্বাহী ক্ষমতাবলে এ রদবদলের আদেশ দেন।
ওসি পদে রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার(অর্থ, প্রশাসন ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশকে আকবর শাহ থানার ওসি পদে বদলি করা হয়েছে। আর মাতৃত্বকালীন ছুটি শেষে সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) পদে যোগ দিয়েছেন মর্জিনা আখতার।
আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদকে নগর গোয়েন্দা পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া নগর পুলিশের ইমিগ্রেশন শাখার পরিদর্শক প্রদীপ কুমার দাশকেও নগর গোয়েন্দা পুলিশে বদলি করা হয়েছে।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেনকে একই থানার ওসি পদে দায়িত্ব দেয়া হয়েছে। আর পতেঙ্গা থানার ওসি কাজী শাহাবুদ্দিন আহমেদকে ইমিগ্রেশন শাখার পরিদর্শক পদে বদলি করা হয়েছে।
নগর পুলিশের ইমিগ্রেশন শাখার পরিদর্শক জাকির হোসেনকে পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।
হরতাল-অবরোধ শুরুর পর এ পর্যন্ত নাশকতাকারীদের ছোঁড়া ককটেল ও পেট্রোলবোমায় চারজন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত। প্রায় শ’খানেক যানবাহন ভাংচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সার্বিক অবস্থার মধ্যে সহিংসতা দমনে কয়েকজন ওসি’র বিরুদ্ধে নিস্ক্রিয়তা এবং আটক বাণিজ্যের অভিযোগ আছে। সম্প্রতি পুলিশের মাসিক অপরাধ সভায় নগরীতে অপরাধ দমনে কোতয়ালি থানার সাবেক ওসি একেএম মহিউদ্দিন সেলিম এবং বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন ছাড়া অন্যদের উপর অসন্তোষ প্রকাশ করেন পুলিশ কমিশনার।
এমকে





