শিশু গৃহকর্মী বীথির (১০) উপর অমানুষিক নির্যাতনের প্রতিবাদ জানানোর পাশাপাশি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ) এবং গৃহশ্রমিক অধিকার প্রতিষ্টা নেটওয়ার্কের নেতারা।

শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তারা এ দাবি জানান।

সভায় বক্তারা শ্রমিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, শ্রমিক নির্যাতনকারীদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে।

এ নির্যাতন বন্ধে গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতিমালা ২০১০ অনুমোদন করাটা জরুরি। বাংলাদেশ শ্রম আইনে গৃহশ্রমিকদের অন্তর্ভূক্ত করতে হবে।

বক্তারা অভিযোগ করে বলেন, গৃহশ্রমিকদের ওপর নির্যাতন অতীত থেকে হয়ে আসলেও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয় না অপরাধীদের। ফলে অপরাধীরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে।

গৃহশ্রমিকদের ওপর নির্যাতন বন্ধের কথা আমরা শুধু মুখে বলি। কিন্তু সরকার ও ব্যক্তি পর্যায়ে কোনো পদক্ষেপ বাস্তবায়ন করা হয় না।

সভায় বক্তারা সাতক্ষীরার শিশু বীথির নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে জানিয়ে দ্রুত তার উপযুক্ত চিকিতসা ও ক্ষতিপূরুণ দাবি করেন।

এসএনএফ’র আহ্বায়ক ড. হামিদা হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্যে রাখেন, বাংলাদেশ শ্রম অধিকার ফোরামের আহ্বায়ক আবুল হোসাইন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় শ্রমিক জোটের মেসবাহ উদ্দিন আহমেদ, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সদস্য সচিব সুলতান উদ্দিন আহম্মদ প্রমুখ।

এমএ/এসএইচ