মেহেরপুরের গাংনী উপজেলায় ৪টি পেট্রোলবোমা ও ৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় কিছু বিস্ফোরিত ককটেলের আলামতও জব্দ করা হয়।
উপজেলার করমদী গ্রামের সাপোপাড়া এলাকার তামাক ঘরের ভেতর থেকে সোমবার এ বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বোমা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই ঘটনায় কাউকে আটক করা হয়নি। কে বা কারা ওই স্থানে বোমাগুলো রেখেছে তাও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, করমদী গ্রামে সোমবার বেলা পৌনে ১২টার দিকে খেদের আলীর ছেলে কৃষক হাসান আলীর পরিত্যক্ত তামাক ঘরে সংস্কার কাজ করার সময় বিকট শব্দে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে চারটি পেট্রোলবোমা, তিনটি ককটেল এবং বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়। পরে তা থানায় নিয়ে আসা হয় বলেও জানান ওসি আকরাম হোসেন।
এমকে





