চট্টগ্রামে ছিনতাইয়ের মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপু শুনানি শেষে এ আদেশ দেন।
এই পাঁচজন হলেন বুলবুল আহমেদ, মিনহাজুল ইসলাম, মো. নুরুন্নবী, শাহজাহান কাজল ও মাহবুবুর রহমান।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, নগরের সদরঘাট থানা এলাকায় গত বছরের ২৩ সেপ্টেম্বর ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় দুই জেএমবির সদস্য এবং একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত হন। একই বছরের ৫ অক্টোবর নগরের কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশ জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। পরে পুলিশের কাছে ও আদালতে দেওয়া স্বীকারোক্তিতে তাঁরা স্বীকার করেন, জেএমবির তহবিল সংগ্রহের জন্য তাঁরা ছিনতাইয়ে অংশ নিয়েছিলেন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সদরঘাট থানায় ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় পাঁচ জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে নগর গোয়েন্দা পুলিশ তিন দিন করে রিমান্ডের আবেদন করেন আদালতে। আদালত শুনানি শেষে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
জেএইচ





