তিস্তাসহ সব আন্তঃসীমান্তবর্তী নদীর পানি বণ্টনের বিষয়ে দ্রুত চুক্তি সম্পাদনে ভারতের নিবিড় সহযোগিতা প্রত্যাশা করে ঢাকা।

ঢাকায় অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, অনিষ্পন্ন ইস্যু নিষ্পত্তির বিষয়ে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ।

তিনি বলেছেন, সীমান্ত হত্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এটিকে শূন্যে নামিয়ে আনতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ বিষয়ে ভারত সরকার উদ্যোগ নেবে বলে আমরা প্রত্যয় ব্যক্ত করেছি।

বুধবার (১৫ ফ্রেবুয়ারি) এফওসি বৈঠকে এসব আলোচনা হয়। দুই বছর পর ঢাকায় অনুষ্ঠিত এফওসিতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।

বৈঠকে আলোচনার বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করে এসব তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব।

মাসুদ বিন মোমেন বলেন, এফওসিতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে ভারতের কাছে যেসব অনিষ্পন্ন ইস্যু রয়েছে, সেগুলো নিষ্পত্তির বিষয়ে তাদের সহায়তা কামনা করি। এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করি।

পররাষ্ট্র সচিব জানান, তিস্তাসহ সব আন্তঃসীমান্তবর্তী নদীর পানি বণ্টনের বিষয়ে দ্রুত চুক্তি সম্পাদনের ওপর গুরুত্ব পুনব্যর্ক্ত করি। বিষয়টি সমাধানের জন্য ভারতের নিবিড় সহযোগিতা প্রত্যাশা করেছি। সেইসঙ্গে গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় কুশিয়ারা নদীর পানি বণ্টন নিয়ে সই করা চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম নিতে ভারতকে বলেছি।

এইচএম