নওগাঁর সব উপজেলায় টানা ১২ ঘণ্টার বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবল বর্ষণে জেলার সব নদ-নদী, খাল-বিল, ডোবা, পুকুরসহ আমন ধানের কিছু অংশ পানিতে ডুবে গেছে।
টানা বর্ষণের কারণে আত্রাই ও যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধামইরহাট উপজেলা প্রশাসন বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সপ্তাহের প্রথম দিন রোববার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা পড়েছেন বিপাকে।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নজরুল ইসলাম ও উপজেলা হিসাবরক্ষণ অফিসার আব্দুর রাজ্জাক খান আক্ষেপ করে বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণেই আমাদের এ দুর্ভোগ।’
পৌর এলাকার অনেক রাস্তায় বিশেষ করে পৌর ৩নং ওয়ার্ডের রাস্তাঘাট বৃষ্টির কারণে কাদা জমে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ব্যাপারে পৌর মেয়র আমিনুর রহমানের সঙ্গে কথা হলে তিনি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার আকতার মামুন বলেন, ‘শুধু উপজেলা প্রশাসন নয়, উপজেলা নির্বাহী অফিসারের বাসায় প্রচুর পরিমাণ পানি জমেছে।’
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





