জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে ২৫টি বাড়ি তছনছ হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন রত্না বেগম (২৫) নামে এক গৃহবধূ।
মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রত্না ওই গ্রামের মোস্তফার স্ত্রী।
স্থানীয়রা জানান, রাতে ৫০/৬০টি বন্য হাতি যদুরচর গ্রামে আক্রমণ চালিয়ে প্রায় ২৫টি বাড়িঘর তছনছ করে। এ সময় বাধা দিতে গিয়ে রত্না গুরুতর আহত হন।
এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এম এ





