রাজধানীর বাংলামোটরে যাত্রীবাহী বাসের চাপায় পা হারালেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক কৃষ্ণা রায় (৫২)।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বাংলামোটরের পূর্ব পাশে ফুটপাতে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় কৃষ্ণা রায়কে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

এক মেয়ে ও এক ছেলের মা কৃষ্ণা রায়ের স্বামীর নাম রাধে সেন। রাজধানীর টিকাটুলী এলাকায় তাঁরা বসবাস করেন।

বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আজ দুপুরে অফিসের কাজে পুরান ঢাকায় যাওয়ার জন্য বাংলামোটরে বিআইডব্লিটিসির প্রধান কার্যালয় থেকে বের হন। সড়ক পার হয়ে বাংলামোটরের পূর্ব পাশে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। দুপুর২ টার দিকে কারওয়ান বাজার থেকে শাহবাগগামী ট্রাস্ট পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো ব ১১-৯১৪৫) সড়ক থেকে ফুটপাতে উঠে কৃষ্ণা রায়কে চাপা দেয়। বাসের চাপায় কৃষ্ণা রায়ের বাঁ পায়ে প্রচণ্ড আঘাত লাগে। উদ্ধার করে তাঁকে প্রথমে ঢাকা মেডিকেলে এবং পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসচাপায় আহত ওই নারীর বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে শুধু চামড়ার সঙ্গে ঝুলে ছিল।

ডিএমপির ট্রাফিক বিভাগের (দক্ষিণ) অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান বলেন, যাত্রীবাহী বাসটির চাপায় কৃষ্ণা রায়ের একটি পা ভেঙে গেছে। দুর্ঘটনার পরপরই এর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে।  

এমবি