জেলার রূপগঞ্জ উপজেলায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রাইভেটকারের চাপায় রিকশাচালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।

গাজীপুর-মদনপুর সড়কের (এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক) রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রাইভেটকারসহ চালক সাইফুল্লাহকে আটক করেছে।

নিহতরা হলেন- রিকশার যাত্রী উপজেলার কান্দাপাড়ার সাত্তার ভূঁইয়ার ছেলে রাকিব হোসেন (১৭) ও অজ্ঞাতপরিচয় রিকশাচালক (৪০)। আহত দু’জনেরও নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় গোলাকান্দাইলে একটি প্রাইভেটকার রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক ও যাত্রী রাকিব হোসেন মারা যান। এ সময় আরও দুই যাত্রী গুরুতর আহত হন। রিকশাটিতে মোট তিন যাত্রী ছিল।

এএইচ