ঢাকার আশুলিয়া থেকে অপহৃত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে শিশু সিনথিয়া আক্তার সুমাইয়াকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ নগরীর স্টেশন রোডের খাঁজা গেস্ট হাউজ এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শিশুটিকে রেখে পালিয়ে যায়।
বিকেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রোববার (১০ এপ্রিল) দুপুরে ঢাকার আশুলিয়ার এলাকার গার্মেন্টকর্মী শুক্কুর আলীর দেড় বছরের শিশুকন্যা সিনথিয়াকে পাশের বাড়ির ভাড়াটিয়া সুজন ওরফে রাসেল ওরফে আপেল ও তার স্ত্রী খাদিজা অপহরণ করেন।
পরে তারা মুঠোফোনে শুক্কুর আলীর কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ব্যাপারে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হলে অপহরণকারীদের ফোন ট্র্যাকিং করে সোমবার দুপুরে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
ওএফ





