রাজধানীর আদাবরে শিশু সামিউল হত্যা মামলার প্রধান আসামি সামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুর জামিন বাতিল করেছে হাইকোর্ট। একইসঙ্গে বাক্কুকে বিচারিক আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসাইনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। মামলার বাদি সামিউলের বাবা কেআর আজমের করা এক আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি একই আদালত আসামি বাক্কুকে চার সপ্তাহের জামিন দিয়ে রুল জারি করেছিল।আসামি বাক্কু জামিনে বের হওয়ার পর মামলার বাদি সামিউলের বাবাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
এ বিষয়ে একটি সাধারণ ডায়েরির (জিডি) কপি মঙ্গলবার আদালতে উপস্থাপন করা হলে আদালত বাক্কুর জামিন বাতিল করে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন।
আদালতের আবেদনের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার শুনানি করেন।
২০১০ সালের ২৩ জুন মায়ের ‘পরকীয়া’র জেরে রাজধানীর আদাবরে নিজ বাসায় খুন হয় শিশু সামিউল।
এ ঘটনায় সামিউলের মা আয়েশা হুমায়রা এশা ও তার প্রেমিক সামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুকে আসামি করে আদাবর থানায় হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা দায়ের করেন সামিউলের বাবা কেআর আজম।
মামলার বিবরণে বলা হয়,‘বাক্কু ও এশার ‘অবৈধ’সম্পর্ক দেখে ফেলায় সামিউলকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করেন বাক্কু। এরপর আদাবরে নবোদয় হাউজিংয়ে সামিউলদের বাসার পাশে তার লাশ বস্তায় ভরে ফেলে রাখা হয়।’
২০১১ সালের২৫ অক্টোবর এ মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার ওসি কাজী শাহান হক বাক্কু ও এশার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০১২ সালের ১ ফেব্রুয়ারি ওই দু'জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এর সাত দিনের মাথায় বাদি আজমের জবানবন্দি ও জেরা গ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
[b]ঢাকা, কেএ, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]