রাজধানীর বাড্ডায় মামার বাসা থেকে ভাগ্নি তানিয়া আক্তার (১৯) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার বিকালে পুলিশ বাড্ডার হাজীপাড়ার ৩৭ নং বাসার পাঁচতলা ভবনের নিচতলার একটি রুম থেকে তাকে উদ্ধার করে। ঐ রুমে ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় ছিল তানিয়া।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির টাইমনিউজবিডি.কমকে এ তথ্য নিশ্চিত করেন।

এসআই বলেন, তানিয়ার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার শখিপুর থানায়। তাদের সংসারের অভাব থাকায় মামা বিল্লাল হোসেন ও আরেক মামা মিলে তাকে ঢাকায় নিয়ে আসেন। ঢাকায় এসে তানিয়া তার মামা বিল্লালের বাসায় থাকাকালে বাড়িতে বাবা-মায়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতেন।

তার মামাদের তথ্যানুযায়ী তিনি আরও বলেন, তার বাবা-মায়ের সংসারের অভাব-অনটন নিয়ে তানিয়ার সঙ্গে প্রায়ই নানা বিষয়ে ঝগড়া হত। বিকালে মামারা কাজে গেলে ওই ফাঁকে সে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করে।

তার লাশ ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।

এমকে