পাবনায় ডাকাতিকালে চার ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় ডাকাত দলের হামলায় গৃহবধূসহ তিন জন আহত হয়েছেন।

বুধবার রাত ৩টার দিকে সদর উপজেলার আটমাইল গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় আহতরা হলেন- সেলিনা খাতুন, রানা হোসেন ও মুসা প্রামানিক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন-হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাবুসাইন গ্রামের ফজলু মেম্বারের ছেলে রনি (২২), একই জেলার বানিয়ারচর উপজেলার হাগাপাশা গ্রামের দরবেশ আলীর ছেলে মুন্না (২২), সিলেটের কোতোয়ালি উপজেলার শামীমাবাদ গ্রামের সুমন-১ (২৮) ও ঢাকার যাত্রাবাড়ী এলাকার মৃত আজম আলীর ছেলে সুমন-২ (২৬)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, আট জনের একদল ডাকাত মাইক্রোবাসে আটমাইল গ্রামের নিজাম উদ্দিন ও সেলিম হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। এ সময় ডাকাতদের হামলায় এক গৃহবধূসহ তিনজন আহত হয়।

পরে পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী এসে ডাকাত দলকে ধাওয়া করে চার জনকে ধরে গণপিটুনি দেয়। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে আহত চার জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

জেআই