চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে কাছে কর্ণফুলী নদীর মোহনায় মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় চার লাখ পিস ইয়াবাসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এই বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করেছেন। এই ঘটনায় ইয়াবাবাহী নৌকার আরোহী ৫ ব্যক্তি এবং নৌকাটিও আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চলের ইন্সপেক্টর তপন কান্তি শর্মা জানান, বন্দরের বর্হিনোঙ্গরে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় চার লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এখনো উদ্ধারকৃত ইয়াবার সঠিক গণনা করা সম্ভব হয়নি। এই সংখ্যা আরো বেশিও হতে পারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন ইয়াবার সংখ্যা চার থেকে পাঁচ লাখ হতে পারে। এই বড় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে নৌকাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
ইয়াবার সঠিক সংখ্যা গণনা চলছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এমকে





