ছাত্রলীগের দুই কর্মী খুনের সঙ্গে জড়িত থাকা সন্দেহে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কনক ও জামিল। এর আগে রুবেলকে গ্রেফতার করা হয়। এ নিয়ে জোড়া খুনের ঘটনায় ৩ জন গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার পাবই এলাকায় নিজ বাড়ি থেকে কৌশিক দাশের পুত্র কনককে গ্রেফতার করা হয়। অপর দিকে সদর উপজেলার ফতেহপুর এলাকার নিজ বাড়ি থেকে আনসার মিয়ার পুত্র আল জামিলকে গ্রেফতার করা হয়। এরা উভয়ই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও স্কুলের আবাসিক হোষ্টেলে থাকতো। ঘটনার পরপর হোষ্টেল থেকে তারা চলে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানান, নিহত শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ’সহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত কনক ও জামিল এজহার ভুক্ত আসামি।
গত ৮ ডিসেম্বর ভোর রাতে শহরের বেরীরচর এলাকার ফকরুল ইসলামের পুত্র রুবেলকে রাজনগর থেকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, মৌলভীবাজারের ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী শাহাবাব (ডানে) ও নাহিদ আহমদ মাহিকে (বাঁয়ে) গত বৃহস্পতিবার সন্ধ্যায় ‘অভ্যন্তরীণ কোন্দলের জেরে’ হত্যা করা হয়।
এমবি





