নারায়ণগঞ্জের এসএম মালেহ রোডে সদর মডেল থানার বিপরীতে একটি ভবনে মাইক না লাগানোর অনুরোধ করায় অফিসার ইন চার্জকে (ওসি) হুমকির অভিযোগে জিডি হয়েছে। ওই ভবনের মালিকের বিরুদ্ধে নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষক উল্লেখ করে ইতোমধ্যে মামলা করেছে পুলিশ।
জিডিতে ওসি অভিযোগ করেন, কুতুববাগ দরবার শরীফের পীর জাকির শাহ নিজেই হুমকি দিয়ে বলেছেন, ‘তুমি কীভাবে ওসিগিরি করবা দেখাইয়া দিব।’
শনিবার রাতে এ হুমকির পর রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডিটি দায়ের করেন ওসি মঞ্জুর কাদের পিপিএম।
জিডিতে তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার সামনে এসএম মালেহ রোডে আল-জয়নাল প্লাজার পঞ্চমতলায় জয়লান আবেদীন প্রতিদিন এশা থেকে রাত ১০টা পর্যন্ত জিকির-আসকর করে কুতুববাগ দরবার শরীফের পক্ষ থেকে। ১০ তলা পর্যন্ত বাইরে মাইক দিয়ে এ জিকির করা হয়।
এ বিষয়ে স্থানীয় জনগণ জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানায় লিখিতভাবে অবহিত করেন। পরে থানা কর্তৃপক্ষ জয়নালকে ডেকে মাইকগুলো ভিতরেই দেয়ার জন্য দুই মাস ধরে অনুরোধ করে আসছে। এ কারণে জয়নাল সাহেব জাকির শাহের কাছে আমার বিরুদ্ধে নালিশ করেন।
শনিবার রাতে জাকির শাহের জনৈক ভক্ত আমাকে জাকির শাহের ফোন ধরিয়ে দিলে তিনি আমাকে বিভিন্ন হুমকি-ধমকি দেন। জাকির শাহ বলেন, ‘কীভাবে থানায় ওসিগিরি করবা তা দেখাইয়া দিব, মন্ত্রীসহ অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আমার মুরিদ, কীভাবে পুলিশের চাকরি খেতে হয় তা আমার ভালো করে জানা।’
হুমকির এক পর্যায়ে আগামী তিনদিনের মধ্যে বদলিসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও বলেন জাকির শাহ। সেই সঙ্গে জয়নালের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না নেয়ার হুমকি প্রদান করে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে দেখে নেয়া হবে। তার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানিয়েছেন বলেও জাকির শাহ বলেন।
প্রসঙ্গত, আল জয়নালের বিরুদ্ধে এর আগে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। এতে জয়নালকে জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত করা হয়।
কেএইচ





