‘গম কেলেঙ্কারির’ বিষয়ে মন্তব্য জানতে চাইলে নতুন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আগে কাজ করি, তারপর এ বিষয়গুলো নিয়ে পরবর্তী সময়ে কথা বলব।’
মঙ্গলবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান। ওইদিনই খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাকে। বৃহস্পতিবার প্রথম অফিসে আসেন নুরুজ্জামান।
সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে মন্ত্রণালয়ের কার্যক্রমের বিষয়ে অবহিত করেন। এ সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও খাদ্য সচিব মুশফেকা ইকফাৎ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আসুন আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। নতুন ক্ষত সৃষ্টি নয়, পুরাতন ক্ষতের নিরাময় হোক আমাদের সবারই প্রত্যয়।’
প্রধানমন্ত্রী এ মন্ত্রণালয়ের অনিয়ম খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন কি না-জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। অনিয়ম কিংবা অন্যান্য কর্মকাণ্ড খতিয়ে দেখার তো প্রশ্নেই ওঠে না। এ মন্ত্রণালয়কে গতিশীল করতে যা করার আমরা সবাই করব।’
গম কেলেঙ্কারির বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে এ মুহূর্তে আমার বলার কিছু নেই। আমি নতুন এসেছি। সবার সাথে পরিচিত হলাম। আমি কাজ করি, তারপর এ বিষয়গুলো নিয়ে পরবর্তী সময়ে কথা বলব।’
ব্রাজিল থেকে খাদ্য মন্ত্রণালয়ের আমদানি করা গম খাওয়ার অনুপযোগী বলে সম্প্রতি গণমাধ্যমগুলো খবর প্রকাশ করে। এ গম দেশের বিভিন্ন স্থানে বিতরণ করা হয়। এ গমের বিষয়ে আপত্তি ওঠে বিভিন্ন পর্যায় থেকে। তবে খাদ্যমন্ত্রী দাবি করে আসছিলেন দেখতে খারাপ হলেও এ গম খাওয়ার অনুপযোগী নয়। গম কেলেঙ্কারির জন্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের অপসারণ করা হচ্ছে বলেও গুঞ্জন ওঠে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রণালয়ে আসেন নুরুজ্জামান। বসার কক্ষ প্রস্তুত না হওয়ায় মন্ত্রী কামরুল ইসলাম প্রতিমন্ত্রীকে নিয়ে চলে যান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে। প্রতিমন্ত্রীর বসার জন্য কক্ষ প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা।
এএইচ





