চলতি বছরেই বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হচ্ছে দুটি সাবমেরিন। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে মঙ্গলবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ তাকে এ বিষয়ে অবহিত করেন।
নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, সাবমেরিনগুলো শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছাবে। নৌবাহিনীর ফ্রিগেট-এর নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
নৌবাহিনী প্রধান বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০’ অনুসারে নৌবাহিনীর উন্নয়ন কর্মকাণ্ড চলছে। এছাড়াও তিনি নৌবাহিনীর ভবিষ্যত উন্নয়ন কর্মসূচিসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
নৌবাহিনী প্রধান আগামি ৮ নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস ঈশা খাঁ-তে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড কনফারমেন্ট’ অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
বৈঠককালে রাষ্ট্রপতি আবদুল হামিদ সামুদ্রিক সম্পদ ও দেশের সমুদ্রসীমা রক্ষায় আরও তৎপর হওয়ার জন্য নৌবাহিনীকে নির্দেশ দেন।
এমএনজে





