নীলফামারীর জলঢাকায় জমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আলমগীর হোসেন (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় জড়িত নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে ওই উপজেলার খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী বাজার সংলগ্ন খালিশা খুটামারা সবুজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর একই এলাকার খয়রাত হোসেনের ছেলে। আটকরা হলেন- রফিকুল ইসলাম (৫৫) সালেহা বেগম (৩২)ও রজব আলী (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার জাহেদুল ইসলামের সঙ্গে একই এলাকার রফিকুল ইসলামের জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিলো। বুধবার জাহেদুল ইসলাম জমিতে বাঁশ কাটতে গেলে বাধা দেয় জমির আরেক দাবিদার রফিকুল ইসলাম। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ভ্যান চালক আলমগীর হোসেন ছুরির আঘাতে ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্তর থেকে ওই তিনজনকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, সংঘর্ষে জড়িত থাকায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
জেইউ





