ভোলায় কালবৈশাখী ঝড়ের আঘাতে শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এতে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২টি মসজিদ ও অর্ধশতাধিক ঘর। বিধ্বস্তে এ পর্যন্ত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১১ মে) সন্ধ্যায় ভোলা সদরের রামদাসপুর এবং দৌলতখানের মদনপুর চরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে এসব ক্ষয়ক্ষতি হয়।
মদনপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে হঠাৎ করেই মদনপুরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে চর পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মসজিদসহ সহ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
অপরদিকে ভোলা সদরের দুর্গম জনপদ রামদাসপুর এলাকায় কালবৈশাখী ঝড়ে ৫টি ঘর এবং একটি মসজিদ বিধ্বস্ত হয়েছে। রামদাসপুরের একাধিক ব্যবসায়ী এ তথ্য নিশ্চিত করেন।
ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তাদের জন্য সহায়তার ব্যবস্থা করা হবে।
শাহীন/জেড





