নারায়ণগঞ্জের সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে। নিহতরা ডাকাত বাহিনীর সদস্য বলে দাবি করছে র‌্যাব। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে জানান তারা। 

সোমবার ভোর ৪টার দিকে আলীরটেক ইউনিয়নের ধলেশ্বরী নদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের জিল্লু ডাকাত বাহিনীর প্রধান জিল্লু নিহত হয় এবং ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব- ১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, ভোর ৪টার দিকে সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন এলাকায় ধলেশ্বরী নদীতে ডাকাত সর্দার জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পাওয়া যায়।

এর ভিত্তিতে সেখানে ডাকাতদের ধরতে গেলে জিল্লু বাহিনীর প্রধান জিল্লু রহমানসহ তার সহযোগীরা র‌্যাবেরওপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার জিল্লু ও আরেক ডাকাত গুলিবিদ্ধ হন। এ সময় ডাকাত দলের অন্য সহযোগীরা পালিয়ে যান।

পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের ডিএভি ইন্সপেক্টর জহিরুল ইসলাম ও সৈনিক জামাল আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

এ ঘটনায় যথাযথ আইনগত প্রক্রিয়াসহ পলাতক অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান সহকারী পরিচালক আলেপ উদ্দিন।

জেড